
টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষের পর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে রবিবার সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা।
রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে কিংবা শ্রমিকবাহী পরিবহনে করে দূরবর্তী কারখানায় যেতে দেখা যায় শ্রমিকদের।
সাভার, আশুলিয়া ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। তবে বিজিএমইএর ঘোষণা অনুযায়ী, চলমান শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষের সিদ্ধান্তে সাভার ও আশুলিয়ার ৪২টি কারখানায় রবিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের কার্যক্রম দৃশ্যমান হওয়ায় শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।
অন্যদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার, আমিনবাজার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। তবে মালিকপক্ষের সিদ্ধান্তে সাময়িকভাবে বন্ধ থাকা ৪২টি উৎপাদনমুখী কারখানায় এখনো উৎপাদন শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানা গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]