ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বেড়া কলেজে তালা দিয়েছে ছাত্রলীগ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৮:৫৩
ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বেড়া কলেজে তালা দিয়েছে ছাত্রলীগ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনায় দেশব্যাপী ঘোষিত "সর্বাত্মক ধর্মঘটের" সমর্থনে ঢাকা পাবনা কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা চাটমোহর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। একই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।


সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে পাবনার ঈশ্বরদী, চাটমোহর ও বেড়ায় এসব ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়কে একদল ছাত্রলীগ নেতাকর্মী অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।


বিক্ষোভকালে তারা সাবেক ভূমিমন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শিরহান শরীফ তমালসহ স্থানীয় শীর্ষ নেতাদের সমর্থনে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।


অন্যদিকে, একই রাতে পাবনার চাটমোহর আঞ্চলিক মহাসড়কেও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের পাবনা জেলা ছাত্রলীগের নেতা অন্তুর নামেও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।


এদিকে, ‘সর্বাত্মক ধর্মঘটের’ প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এর ফলে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।


এদিকে পাবনা জেলা ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিয়মিত বিরতিতে এই সকল কর্মকাণ্ডকে ছবি ভিডিও প্রকাশ করা হচ্ছে।


ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও পুলিশের পৌঁছানোর আগেই অবরোধকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com