
খুলনায় বাসা থেকে বের হয়ে মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন শিক্ষা অফিসের একজন কর্মকর্তা। তার নাম মসিউর রহমান (৫৯)। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে খুলনা সদর থানা এলাকার মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মসিউর রহমান খুলনার রুপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক পদে কর্মরত রয়েছেন।
গুলিবিদ্ধ মসিউর বলেন, আমি একটি খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি গুলি এসে বুকের নিচে বাম পাশের মাংস ঘেঁষে বের হয়ে যায়। তবে আমি সেই গুলির টার্গেট ছিলাম না।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন রিপন বলেন, একটি মোটরসাইকেলে হেলমেট পরা তিন ব্যক্তি এসে গুলি করে চলে যায়। ভুক্তভোগী নিজেই বলেছেন তিনি টার্গেট না। তবে গুলি যারা করেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। শিগগির মূল ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]