
বান্দরবান পৌরসভার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) সকালে পৌরসভার কসাইপাড়া এলাকার মানুর ঝিরি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. শরিফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেঘলা তালুকদার পাড়ার বাসিন্দা জহির আহম্মদের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা কাজে যাওয়ার পথে ঝিরির মধ্যে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, শরিফ পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। স্বাভাবিক প্রয়োজনে জঙ্গল পেরিয়ে ওই ঝিরিতে তাঁর যাওয়ার কথা নয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শরিফের নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁর মাথায় আঘাতের চিহ্ন থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
বিবার্তা/দ্বীন মোহাম্মদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]