
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর।
শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ভাদুঘর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে নিহতের স্বজনদের সন্ধানে মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া রেললাইনের ভাদুঘর রেলওয়ে ব্রিজ নম্বর-১০ সংলগ্ন ২১৩/৯ কিলোমিটার পিলারের কাছে ট্রেনের ধাক্কায় ওই যুবক নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিচয় শনাক্তের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে। জাতীয় তথ্যভান্ডারের তথ্যের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে মরদেহটি অজ্ঞাতনামা বা বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
বিবার্তা/নিয়ামু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]