
পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি শ্বশুর মো. দেলোয়ার হোসেনকে (৫৫) জামালপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর থানা এলাকায় এসআরবি-১৪, জামালপুর ও এসআরবি-১৩, নীলফামারীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দেলোয়ার হোসেন দেবীগঞ্জ উপজেলার খন্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে শনিবার (৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত-আট মাস আগে দেলোয়ার হোসেনের ছেলে শাহিনুর ইসলামের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা দাবি করলে পরিবার ৩ লাখ ২০ হাজার টাকা দেয়। বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় গৃহবধূকে মারধরের পর প্লাস্টিকের রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালায় এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
এসআরবি এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]