বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১৫
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২১:৩৭
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কদমতলী ও পুরাতন বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিকেলে জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। স্থানীয় আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে শুরু হওয়া মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়।


এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি গ্রুপ কদমতলী এলাকায় উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো কসবা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।


এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচির আয়োজন করেছিল। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা জানালেও পরবর্তী সময়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com