
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী, একটি অটোভ্যান এবং তিনটি ভারতীয় গরু জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। জব্দ করা এসব মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৫৭০ টাকা।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ৬১ বিজিবির অধিনায়কের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে খারিজাজোংড়া বিওপির একটি টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৫৯ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ ও একটি অটোভ্যান জব্দ করা হয়।
এর ধারাবাহিকতায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঝালংগী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাকুয়ারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু আটক করে।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে ৬১ বিজিবি। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমনি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]