
খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আকাশ কুমার কুণ্ডু টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিব পদ কুণ্ডুর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা আকাশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে আসা হেলমেট পরা তিন যুবক আকাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]