প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৬
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ও রাজনৈতিক পদ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদ (৩০)।


শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক।


তিনি জানান, রাশেদ দীর্ঘদিন ধরে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিতেন।


পুলিশ সুপার জানান, এই পরিচয় ব্যবহার করে রাশেদ ও তার সহযোগীরা সরকারি সুযোগ-সুবিধা প্রদান এবং রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন।


সম্প্রতি গত ১৯ অক্টোবর একই পরিচয়ে বিএনপির দলীয় পদে পদায়নের ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করে বার্তা পাঠান রাশেদ। বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযানে নামে ডিবি পুলিশ।


তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে জিয়াদুল ইসলামের ছেলে আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাশেদ ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার, নাটোরে সহকারী রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com