
যশোরের চৌগাছায় ৭ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, চার বছর আগে পারিবারিকভাবে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শিশুটির মা শহিদুল ইসলামকে বিয়ে করেন। তখন থেকে শিশুটি মায়ের সঙ্গে তার সৎ বাবার বাড়িতে বসবাস করত।
অভিযোগে জানা যায়, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে সেই সুযোগে শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন এবং শহিদুলের কাছে ঘটনার কারণ জানতে চান।
এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের একপর্যায়ে শিশুটির মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে নিয়ে সালিস-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
তবে বিষয়টি মীমাংসা না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করে শহিদুল ইসলামকে আটক করে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]