
এবারের দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সফল হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন,এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মানুষ নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করেছেন। নিরাপত্তাব্যবস্থা নিয়ে সনাতন ধর্মাবলম্বীরাও সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর দুর্গাপূজার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এসব উদ্যোগের জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলবার্তা সবার আগে বাংলাদেশ। তিনি যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়নে কাজ করেন। এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।
বিগত সরকারের সময় সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনেকেই তাদের অতীতের অভিজ্ঞতা ও ভোগান্তির কথা জানিয়েছেন। বর্তমানে জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের আস্থা ও প্রত্যাশা রয়েছে। বিগত নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তারা যে প্রত্যাশা করেছিলেন, সরকারের নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে তা পূরণের চেষ্টা করা হচ্ছে। এ জন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবার সহযোগিতা নিয়ে টাঙ্গাইলকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে মুক্ত করতে কাজ করছি। ইতিমধ্যে এসব উদ্যোগে ভালো সাড়া পাওয়া গেছে। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন করতে চাই। একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আগামী দিনগুলোতে কার্যক্রম আরও জোরদার করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জীসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]