নিহত যুবদল নেতার মাথার খুলির ভেতরে গুলি পাওয়া গেছে: পুলিশ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২২:১৬
নিহত যুবদল নেতার মাথার খুলির ভেতরে গুলি পাওয়া গেছে: পুলিশ
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের সময় তার মাথার খুলির পেছনের অংশ থেকে একটি গুলি উদ্ধার করেছেন চিকিৎসকরা।


মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ময়নাতদন্ত করা হয়। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, তার মাথার খুলির ভেতরে একটি গুলি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’


বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়্যাল এক্সপ্রেস বাস কাউন্টার থেকে শাকেরের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে গভীর ক্ষত পাওয়া যায়।


বাস টার্মিনালের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।


ঘটনার সময়ের আশপাশে ক্যামেরাটির অডিও রেকর্ডিংয়ে দুটি গুলির শব্দ ধরা পড়েছে। এ ছাড়া, কয়েকটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যান টার্মিনালে ঢুকতে ও বের হতে দেখা গেছে।


পুলিশ জানায়, ঘটনার সময় বাস কাউন্টারের ভেতরে দুজন যাত্রী ছিলেন। হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তদন্তকারীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।


পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে শাকেরকে গুলি করে হত্যা করা হয়েছে।


পুলিশ জানায়, শাকের মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার ব্যাপারীপাড়ার প্রয়াত কুতুব উদ্দিনের ছেলে।


যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি তিনি রয়্যাল এক্সপ্রেস বাস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন।


স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে বাস কাউন্টারের ভেতরে শাকেরকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথার পেছনে ক্ষত দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।


ডা. মাইনুল হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাকেরের মৃত্যু হয়েছিল। আমরা তার মাথার পেছনে ছিদ্রের মতো একটি ক্ষত দেখতে পেয়ে পুলিশকে জানাই।’


শাকেরের ভাই রাজমীর অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com