
সাতক্ষীরাের তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের ফেসবুকে সাংবাদিকদের নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে জেলা জুড়ে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টের প্রতিবাদে বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে তালা ও সাতক্ষীরার বিভিন্ন সাংবাদিক নিজেদের ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলে ধরেন সাংবাদিকেরা।
মঙ্গলবার রাতে দেওয়া পোস্টে ডা. মিজানুর রহমান লেখেন, “আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।” তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
এরপর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে আগের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। সেখানে লেখেন, “কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কে, একমাত্র আল্লাহই ভালো জানেন। আমার দেওয়া পোস্ট এক্সপ্লেইন করলাম। আমার পোস্টে কোনো মিডিয়াকর্মী কষ্ট পেলে আমি দুঃখিত।”
তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এমন অসংবেদনশীল ও আপত্তিকর মন্তব্য প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ধরনের মন্তব্যের প্রতিবাদ জানাই।
এ ঘটনায় তালা ও সাতক্ষীরার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অনিয়ম-দুর্নীতি তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এমন একটি পেশার মানুষকে নিয়ে একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার প্রকাশ্য মন্তব্যের বিষয়ে প্রশ্ন উঠেছে।
সাংবাদিক শাহিনুর ইসলাম বলেন, ডা. মিজানুর রহমান তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে হাসপাতালের দায়িত্ব পালনের পাশাপাশি টিকটক নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া কমিশন গ্রহণ, অ্যাম্বুলেন্স ভাড়ার অতিরিক্ত ৪০০ টাকা আদায় এবং ডেঙ্গু রোগীদের জন্য পৃথক বেড না থাকার অভিযোগও তিনি তুলে ধরেন।
এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, এটা তালার সাংবাদিকদের উদ্দেশে বলা হয়নি। এ সময় তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ অস্বীকার করেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিটিংয়ে আছি, পরে কথা বলব।
বিবার্তা/সেলিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]