
বিয়ের ছয় দিনও পেরোয়নি। হাতের মেহেদির রংও মুছে যায়নি। এরই মধ্যে রহস্যজনক মৃত্যু হয়েছে নববধূ লিমা আক্তারের (২০)। বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে বিরোধের জেরে তাঁকে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনেরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। লিমা পাশের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত ১৫ অক্টোবর ১ লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে পারিবারিকভাবে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়। গত রবিবার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে ফেরার পর বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে মনোমালিন্য হয় বলে স্বজনেরা জানান।
পরিবারের সদস্যদের ভাষ্য, রাত ৩টার দিকে লিমার অসুস্থতার কথা জানিয়ে তাঁর ভগ্নিপতিকে ফোন করেন একরামুল। পরে ভোর চারটার দিকে লিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই নববধূর মৃত্যু হয়েছিল।
লিমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্বজনেরা। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। স্বজনদের অভিযোগ, জিনিসপত্র নিয়ে বিরোধের জেরে লিমাকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তবে স্বামী একরামুলের দাবি, রাতে ঘুমানোর পর মাঝরাতে ঘুম থেকে উঠে তিনি দরজা খোলা দেখতে পান। পরে বাইরে গিয়ে পাশের একটি সেমিপাকা ঘরের সানশেডে ওড়না দিয়ে লিমার মরদেহ ঝুলতে দেখেন। এরপর তিনি নিজেই মরদেহ নামিয়ে আনেন।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, নববধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]