নন্দীগ্রামে দুর্গোৎসব ঘিরে মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:০৩
নন্দীগ্রামে দুর্গোৎসব ঘিরে মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পূজামন্ডপে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। প্রতিমা দর্শন, প্রার্থনা, ছবি তোলা আর ঢাকের তালে নাচ, সব মিলিয়ে মন্ডপে মন্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। সকাল থেকে পূজা-অর্চনা ও পুষ্পাঞ্জলি, আর বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠছে মন্ডপগুলো।


সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষ্যে পৌর শহরের কলেজপাড়া পূজামন্ডপসহ বিভিন্ন মন্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি। সকালে নির্ধারিত শুভলগ্নে দেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। রবিবার (১৮ অক্টোবর) রাতে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়া পূজামন্ডপে পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিমা দর্শনে আসেন সিংড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের অপূর্ব কুমার। মন্ডপে পৌঁছে প্রথমেই মা দুর্গার প্রতিমার সামনে প্রণাম করেন তিনি। দুই হাত জোড় করে কিছুক্ষণ প্রার্থনা করেন। এরপর কখনো একা, কখনো স্বজনদের সঙ্গে প্রতিমার সামনে ছবি ও সেলফি তোলেন।


অপূর্ব কুমার বলেন, গত বছর বিশেষ কারণে পূজার আনন্দ সেভাবে উপভোগ করতে পারেননি। এবার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বিভিন্ন মন্ডপে ঘুরে প্রতিমা দর্শন করছি। সরেজমিনে দেখা যায়, বিকেল থেকে বিভিন্ন যানবাহনে করে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া, ৮ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া ও উত্তর কলেজ পাড়ার পূজামন্ডপে আসছেন দর্শনার্থীরা। কেউ রিকশা, মোটরসাইকেল কিংবা সিএনজিচালিত অটোরিকশায়, আবার কেউ ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন। মন্ডপে ঢুকেই অনেককে মা দুর্গার প্রতিমার সামনে প্রণাম করতে দেখা যায়। কেউ প্রণাম শেষে প্রণামি দিচ্ছেন, কেউ আবার কিছুক্ষণ দাঁড়িয়ে প্রার্থনা করছেন। প্রতিমা দর্শন শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি ও সেলফি তুলছেন অনেকে।


মন্ডপের সাউন্ড সিস্টেমে বাজছে পূজার গান। সেই গানের তালে নাচছে শিশু-কিশোরদের কেউ কেউ। সন্ধ্যার পর ঢাকের বাদ্য শুরু হলে উৎসবের আমেজ আরও জমে ওঠে। ঢাকের তালে অনেক দর্শনার্থীকেও নাচতে দেখা যায়। কেউ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন, কেউ আবার দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেন। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এমন আনন্দঘন মুহূর্তে মন্ডপগুলো হয়ে ওঠে মিলনমেলা। মা-বাবার সঙ্গে প্রতিমা দর্শনে আসা সীমা বালা বলে, আমার অনেক ভালো লাগছে। দুর্গামায়ের প্রতিমা দেখছি। অনেক সুন্দর সুন্দর প্রতিমা। কলেজপাড়া পূজামন্ডপে দীর্ঘদিন ধরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করছেন পুরোহিত অরুণ চক্রবর্তী। দেবীর কাছে প্রার্থনার কথা জানিয়ে তিনি বলেন, মায়ের কাছে আমাদের চাওয়া, তিনি যেন এই পৃথিবীর সবাইকে সুস্থ ও নিরাপদে রাখেন। পৌর শহরের উত্তর কলেজপাড়া দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি অদ্বৈত কুমার আকাশ বলেন, আমরা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছি। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মন্ডপে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় থাকে। তিনি আরও বলেন, এবারের পূজার বাজেট চার লাখ টাকা। সরকারি সহায়তা হিসেবে ৬০০ কেজি চাল এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা পেয়েছি।


মন্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৪২ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সার্বক্ষণিক আটজন আনসার সদস্য ও দুজন পুলিশ সদস্য রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়মিত টহল দিচ্ছেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, উপজেলার ৪৮টি মন্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ-যাপিত হচ্ছে। প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছি।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com