
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।
গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের বাবা কবির হোসেন।
নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে।
নিহত সাগরের বাবা কবির হোসেন জানান, আমার ৫ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। সে চান্দিনার একটি রড-সিমেন্ট দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করত। ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাবে বলে বায়না ধরে। প্রায় ৬ লাখ টাকা খরচে রাশিয়া যায় সাগর। সেখানে গিয়ে একটি বেকারিতে চাকরি নেয়। পরে সেখানে কোনো এক দালালের খপ্পরে পড়ে সাগর। সেই দালাল সাগরকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বলেন।
তিনি বলেন, সাগর যখন আমাকে এসব বলল, আমি তাকে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি। রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ায় সাগর। পরবর্তীতে চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেয় সাগর। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি তার সঙ্গে। গত শনিবার তার এক সহকর্মী আমাকে ফোন করে বলে সাগর মারা গেছে বলে ডুকরে কেঁদে ওঠেন কবির হোসেন। এসময় মোবোইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
সাগর ঠিক কবে মারা গেছেন, তার মরদেহ দেশে আনা হবে কি না—এসব বিষয়ে জানতে পরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবরটি শুনেছি। আমি খোঁজ নিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]