
ঢাকার আশুলিয়ার একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রকাশিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কারখানায় কাজ করার সময় এক কর্মকর্তা তার সঙ্গে দুর্ব্যবহার করার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন ওই শ্রমিক।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তৈরি পোশাকশিল্প গ্রুপ ডেকো গ্রুপের প্রতিষ্ঠান আগামী অ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মিশু আক্তার (২৬)। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানায়। স্বামী সাজ্জাদ হোসেন ও দুই ছেলেকে নিয়ে তিনি আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি ডেকো গ্রুপের প্রতিষ্ঠান আগামী অ্যাপারেলস লিমিটেডে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রকাশিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কারখানার অন্য শ্রমিকদের মতো মিশু আক্তারও সুইং মেশিনে কাজ করছিলেন। একপর্যায়ে তার পাশে আসেন এক ব্যক্তি। এ সময় আরেক ব্যক্তি মিশুর দিকে তেড়ে আসেন। তিনি সুইং মেশিন চাপড়াতে শুরু করেন এবং কয়েক দফায় উদ্ধত অঙ্গভঙ্গি করেন। মিশু যে কাপড়টি নিয়ে কাজ করছিলেন, সেটি ছিনিয়ে নিয়ে নিচে ফেলে দেন ওই ব্যক্তি। তার এমন দুর্ব্যবহারের একপর্যায়ে ফ্লোরে লুটিয়ে পড়েন মিশু।
ফুটেজে আরও দেখা যায়, বিকেল ৫টা ১ মিনিট ৩৪ সেকেন্ডে সুইং মেশিনে কাজ করা অবস্থায় মিশু ফ্লোরে লুটিয়ে পড়েন। এ সময় মেশিন চাপড়ানো ও উদ্ধত অঙ্গভঙ্গি করা ওই ব্যক্তি কিছুটা দূরে সরে যান। তিনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন।
একজন নারী শ্রমিক এসে মিশুকে তোলার চেষ্টা করেন। আশপাশের আরও কয়েকজন নারী শ্রমিক এগিয়ে আসেন। ওই ব্যক্তি মিশুর মাথার কাছ থেকে কিছু একটা দূরে ছুড়ে ফেলে ঘটনাটি দেখতে থাকেন। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যান। নারী শ্রমিকেরা মিশুকে তোলার চেষ্টা চালিয়ে যান। বিকেল ৫টা ৩ মিনিট ৪৯ সেকেন্ডে একটি স্ট্রেচার নিয়ে ফিরে আসেন তারা। পরে মিশুকে স্ট্রেচারে করে ফ্লোর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।
মিশুর স্বামী সাজ্জাদ হোসেন বলেন, 'গতকাল (শুক্রবার) দুপুরে বিরতির সময় মিশু বাসায় খেতে আসে। খাওয়া শেষে আবার অফিসে যায়। আমি এ সময় বাসায়ই ছিলাম। সে অসুস্থ ছিল না। অসুস্থ বললে তো অফিসেই যাইতে দিতাম না।'
তিনি আরও বলেন, 'এখন আমি কোনো কাজ করি না। ঠিক করছিলাম মোবাইলের সার্ভিসিংয়ের দোকান দিবো। এর আগেই এই ঘটনা ঘটলো। ফুটেজে যা দেখা গেছে, এইটা একধরনের নির্যাতন। শরীরে হাত তোলা ব্যতীত যা বলার, করার সব করছে। ৫টা ১০-১২ মিনিটের দিকে খবর পেয়ে ফ্যাক্টরিতে গেছিলাম। পরে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিলে ডাক্তার বলে মারা গেছে। আমি বিচার চাই।'
সুপারভাইজারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ফ্লোরের লাইন সুপারভাইজারকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
ডেকো গ্রুপের জিএম (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. সালাউদ্দিন বলেন, 'ইতিমধ্যে ওই সুপারভাইজারকে শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মিশুর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতিমধ্যে তার সব পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।'
তিনি বলেন, 'মিশুর সহকর্মীরা জানিয়েছেন, স্বামী-সন্তানদের নিয়ে চিন্তিত ছিলেন মিশু। স্বামী কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকায় স্বাভাবিকভাবেই হয়তো চিন্তিত ছিলেন। শুনেছি মৃত্যুর ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিশুর পরিবারকে যৌক্তিক সব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।'
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিনিয়র ম্যানেজার হারুন-অর-রশীদ বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আগামী অ্যাপারেলস লিমিটেডের এক নারী শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নারী ও শিশু হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মিশুর স্বামী লিখিত অভিযোগ দিয়েছেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]