
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাসের শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। নিহত রাইয়ান ওই গ্রামের বাসিন্দা রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে নিজ ঘরে শিশুপুত্র রাইয়ানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন রাসেল খান। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে গৃহস্থালির কাজ ও ঘর পরিষ্কারে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে ঘুম থেকে উঠে রাসেল ঘরের ভেতরে তার ভায়রা আল-আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর জেগে উঠে শিশুটিকে ঘরে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে আল-আমিন রাইয়ানকে অপহরণের পর হত্যা করেছেন। এ অভিযোগে বৃহস্পতিবার রাতেই শিশুটির মা রুমানা বেগম বাদী হয়ে আল-আমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরেই অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার দুপুরে আল-আমিনের বসতবাড়ির পাশের একটি খাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন ধরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল। শিশুটিকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। কিন্তু শেষ পর্যন্ত বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় শোকাহত হয়ে পড়েন সবাই। এমন নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শনিবার দুপুরে আল-আমিনের বসতবাড়ি-সংলগ্ন খালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি অবস্থায় শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]