অনলাইন জুয়া চিরকুট লিখে এনজিও কর্মকর্তার আত্মহত্যা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৫২
অনলাইন জুয়া চিরকুট লিখে এনজিও কর্মকর্তার আত্মহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইন জুয়ার আসক্তি, ঋণগ্রস্ততা ও আর্থিক সংকটের জেরে অলিপ বিশ্বাস (২২) নামে এনজিও সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ময়েনদিয়া বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করেছে। একই সঙ্গে নিহতের ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে অনলাইন জুয়ায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।


নিহত অলিপ বিশ্বাস মাগুরা জেলার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা এলাকায় ব্র্যাকের একটি শাখায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১০ মাস আগে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দেন। ময়েনদিয়া বাজার সংলগ্ন শ্রীনগর গ্রামের একটি বাড়িতে সহকর্মী আমরেন্দ্র মন্ডলের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সহকর্মী আমরেন্দ্র মন্ডল ছুটিতে বাড়িতে থাকায় ঘটনার সময় অলিপ বাসায় একাই ছিলেন। শনিবার সকালে সহকর্মী ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের আড়ার সঙ্গে অলিপের লাশ ঝুলতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।


ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে অলিপ লিখেছেন— “আমার মৃত্যুর জন্য আমি দায়ী। online game কারণে আজ আমার জীবন দিতে হলো। বোন, আমাকে মাফ করে দিস। তোদের কথা না শোনার কারণে আজ আমার জীবন দিতে হলো। বাবা-মার কথা খুব মনে পড়ছে। আমি আমার জীবনের পরাজয় মেনে নিতে পারলাম না। তাই জীবন দিয়ে শেষ করলাম।”


স্থানীয় এলাকাবাসী জানান, অলিপ অনলাইনে আইপিএল (IPL) কেন্দ্রিক জুয়া খেলতেন। এতে তিনি বিপুল অঙ্কের টাকা হেরে দেনাগ্রস্ত হয়ে পড়েছিলেন।


বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, অলিপের ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে অনলাইন জুয়ায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি সহকর্মী ও বন্ধুদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা বলে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন। এছাড়া অফিসের কিছু টাকাও তিনি জুয়ায় লোকসান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সব মিলিয়ে তীব্র দেনাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com