পূবাইলে ধারালো অস্ত্রসহ চারজন গ্রেফতার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৮:০৪
পূবাইলে ধারালো অস্ত্রসহ চারজন গ্রেফতার
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুর মহানগরীর পূবাইলে বিশেষ অভিযান চালিয়ে দুটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো ছোরা ও একটি চাপাতিসহ চারজনকে গ্রেফতার করেছে পূবাইল থানা-পুলিশ।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পূবাইল থানাধীন করমতলা এলাকার এপিএস গার্মেন্টসের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পূবাইল থানা-পুলিশের একটি দল নিয়মিত রাত্রিকালীন টহলের সময় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এপিএস গার্মেন্টসের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের কাছ থেকে চারটি ধারালো অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন—গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার মো. আশরাফ আলী (২৬), কাশিমপুর থানার হাতিমারা এলাকার মেহেদী হাসান রাব্বি (৩৫) ও মো. আনোয়ার হোসেন (৩৬)। এ ছাড়া ১৬ বছর বয়সী এক শিশুকেও গ্রেফতার করা হয়েছে। আইনগত কারণে শিশুটির পরিচয় প্রকাশ করা হয়নি।


পুলিশ জানায়, আশরাফ আলীর কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু, মেহেদী হাসান রাব্বির কাছ থেকে একটি ধারালো চাপাতি, আনোয়ার হোসেনের কাছ থেকে একটি ধারালো ছোরা এবং ওই শিশুর কাছ থেকে আরেকটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।


উদ্ধার করা অস্ত্রগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের বিধি অনুযায়ী আদালতে পাঠান।


পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিশেষ অভিযানে ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com