কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতকালে
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সামনেই ছাত্রদলে দুই গ্রুপের হাতাহাতি: ৩ সাংবাদিক লাঞ্ছিত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৯
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সামনেই ছাত্রদলে দুই গ্রুপের হাতাহাতি: ৩ সাংবাদিক লাঞ্ছিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সামনেই ছাত্রদল ও বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামসহ অন্তত ৩ জন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।


বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে শহীদ আবরার ফাহাদের কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি স্থান ত্যাগ করার সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও সংঘর্ষে রুপ নেয়।


প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য, ঘটনার ভিডিও মোবাইল ফোন ও ক্যামেরায় ধারণ করতে গেলে উত্তেজিত কয়েকজন ছাত্রদল নেতা-কর্মী তাঁদের ওপর চড়াও হন। এ সময় ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা। এতে বাধা দিলে স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামসহ ৩ সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।


এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com