সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৮:২০
সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সুন্দরবনের শিবসা নদীর আরবানিয়া খাল এলাকা থেকে ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।


সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১১ অক্টোবর দুপুর ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করে।


উদ্ধারকৃত জেলে মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২) সকলেই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com