সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ নিহত ২
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৭:৪৮
সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ নিহত ২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় শামীমা নাসরিন নামের এক স্কুল শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন।


সোমবার (১২ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই শিক্ষিকা নিহত হন।


এছাড়া একই দিন সকালে শ্যামনগরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।


নিহত শামীমা নাসরিন সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি ওই উপজেলার বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।


সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শামীমা তার স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন।


পথে বৈকারী মোল্লার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন।


এসআই শরিফুল ইসলাম আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে, শ্যামনগরে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান শাহিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহিন ওই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় বাসিন্দা জানায়, সোমবার সকালে নিজ বাড়ির সামনে একটি রেইনট্রি গাছে উঠে ভাইরাস পোকা দমন করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান শাহিন। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com