ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নবজাতক নিখোঁজ, সিসিটিভিতে নারীকে চিহ্নিত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:৪৮
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নবজাতক নিখোঁজ, সিসিটিভিতে নারীকে চিহ্নিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়।


নিখোঁজ নবজাতকের মা মরিয়ম (১৯)। তার স্বামী শামীম বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। এটি তাদের প্রথম সন্তান।


পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল ১০টা ৫০ মিনিটে মরিয়মকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরদিন ৬ অক্টোবর সকালে চিকিৎসক ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন হয়। অ্যানেস্থেশিয়া দেন ডা. তৌহিদ।


মরিয়মের বাবার বাড়ি সদর উপজেলার চানপুর এলাকায়। তার মা মমতাজ বেগম মেয়েকে হাসপাতালে ভর্তি করান। প্রায় চার বছর আগে মরিয়মের বিয়ে হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম সন্তানের মুখ দেখলেও বাড়ি নিয়ে যাওয়ার আগেই নবজাতক নিখোঁজ হওয়ায় পরিবারে নেমে এসেছে শোক ও উৎকণ্ঠা।


কান্নাজড়িত কণ্ঠে মরিয়মের মা মমতাজ বেগম বলেন, “মরিয়মকে ভুলভাল বুঝিয়ে আমার নাতিকে নিয়ে গেছে। চার বছর পর নাতির মুখ দেখেছি, কিন্তু তাকে ধরে রাখার ভাগ্য হলো না।”


হাসপাতালের গাইনি বিভাগের নার্সিং ইনচার্জ খাদিজা আক্তার সুবর্ণা জানান, ঘটনার সময় মিডওয়াইফ নার্স নুসরাত জাহান এ্যানি, নার্স ফাতেমা আক্তার ও সাদিয়া খানম দায়িত্বে ছিলেন। বিষয়টি জানার পর তারা ঘটনাস্থলে যান। রোগীর চাপ বেশি থাকায় কে কার শিশুকে কোলে নিয়েছে, তা সবসময় নজরে রাখা সম্ভব হয় না বলেও জানান তিনি।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহিন ভূইয়া বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।


ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নবজাতক উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা জানান, সদর থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।


এদিকে সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যাওয়ায় তাকে শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com