রাজধানীতে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯
রাজধানীতে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বাড্ডা ও ভাটারা থানা এলাকা থেকে পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহতরা হলেন- মো. সাগর (৩১) এবং মাহফুজুর রহমান ইমন (২০)। পুলিশের প্রাথমিক ধারণা, দুজনই আত্মহত্যা করেছেন।


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে বাড্ডা থানার সাতারকুল জিএম বাড়ি খালপাড় এলাকার ৯ নম্বর সড়কের আল-বারাকা হাউসের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মো. সাগরের মরদেহ উদ্ধার করা হয়। ঘরের জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার দেহ ঝুলছিল। নিহত সাগর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইয়ারপুর গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। পরিবারের সঙ্গে ওই বাসায় বসবাস করলেও তিনি কোনো নির্দিষ্ট পেশায় যুক্ত ছিলেন না।


বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খান পরিবারের বরাতে জানান, দীর্ঘদিন ধরে বেকারত্ব, নেশাগ্রস্ততা ও মানসিক হতাশায় ভুগছিলেন সাগর। বুধবার রাত ৮টার দিকে সাগরের স্ত্রী তাকে মোবাইল ফোন ঠিক করতে দেখেন। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে জেগে উঠে দেখতে পান সাগর জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ ভোরে মরদেহ উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।


অন্যদিকে, রাজধানীর ভাটারা থানাধীন ঢালীবাড়ি কাঁচাবাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মাহফুজুর রহমান ইমন নামের অপর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ঘরের চালের আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত ইমন নোয়াখালী জেলার সেনবাগ থানার আহম্মেদপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। তিনি বাবার সঙ্গে ভাটারা এলাকার সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন এবং একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।


ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, বুধবার রাত ১০টার দিকে ইমনের বাবা ফোনে কথা বলতে ঘরের বাইরে যান। এর পরপরই রাত ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় ইমন গলায় ফাঁস দেন। পরবর্তীতে আজ দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইমন দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন।


দুটি ঘটনাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com