রাজধানীতে বাসচাপায় কলেজ শিক্ষিকা নিহত, চালক-হেলপার আটক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪১
রাজধানীতে বাসচাপায় কলেজ শিক্ষিকা নিহত, চালক-হেলপার আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়ার বসুমতি হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে ও রাজধানীর আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। তার স্বামী প্রবাসী। বর্তমানে তিনি মেরাদিয়ার নয়াপাড়া এলাকায় থাকতেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস ওই শিক্ষিকাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়লে তিশা পরিবহনের আরেকটি বাসের চাকার নিচে পৃষ্ট হন তিনি। পরে পথচারী গুরুতর আহতাবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন রাতে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।


পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার পরপরই বাসদু’টি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে একটি বাসের চালক ও অন্যটির হেল্পারকে আটক করা হয়েছে। তবে ঘটনার সময় ওই শিক্ষিকা হেঁটে যাচ্ছিলেন নাকি কোনো মোটরসাইকেলে ছিলেন, সেটি এখনো জানা যায়নি। এ ছাড়া ঘটনাস্থলে কোনো মোটরসাইকেলও পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com