জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৬:৩৮
জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোংলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি উন্নয়ন, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।


​সোমবার (২৯ জুন) দুপুরে মোংলা উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোংলার আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।


​উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ফলে পুরো হলরুমজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


​প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার সুমী বলেন,​"বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো কৃষি। আধুনিক প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং পুষ্টিসমৃদ্ধ কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে। বর্তমান সরকার কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। কৃষকই দেশের শক্তি, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।"


​তিনি আরও বলেন, কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তরুণদের কৃষিমুখী করে আধুনিক কৃষির সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। সরকার কৃষকদের জন্য প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রণোদনা অব্যাহত রেখেছে।


​মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) অপূর্ব লাল সরকার, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান হাওলাদার, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক এবং মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান প্রমুখ।


​আলোচনা সভা শেষে সফল কৃষকদের মাঝে সম্মাননা গাছ ও জৈব সার প্রদান করা হয়।


অনুষ্ঠানটি মোংলার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com