
ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। শুক্রবার (১৯ জুন) সকালে শহরের পায়রা চত্বরে 'আমরা ঝিনাইদহবাসী' ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল, ডা. কামাল হোসেন, ডা. মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সবুর মিয়া, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে জেলাবাসী আন্দোলন ও জনমত গড়ে তুলছে। সম্প্রতি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিকভাবে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় স্থান নির্বাচন করা হচ্ছে বলে জানা গেছে। তবে জেলার কেন্দ্রস্থল হিসেবে ঝিনাইদহ সদরই মেডিকেল কলেজ স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান বলে তারা দাবি করেন।
তাদের মতে, জেলা সদরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার সব উপজেলার মানুষ সহজে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে। অন্যদিকে জেলা শহর থেকে দূরে মেডিকেল কলেজ স্থাপন করা হলে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় ও ভোগান্তি বাড়বে, যা প্রত্যাশিত সুফল অর্জনে বাধা সৃষ্টি করবে।
বক্তারা আরও বলেন, জনস্বার্থ ও জনগণের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় জেলাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান। কর্মসূচি থেকে দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বিবার্তা/রায়হান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]