চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:৫৭
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।


শনিবার (১৩ জুন) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে ১৫ জনকে (২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে ওই চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়। ঘটনাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।


পরে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার প্রেক্ষিতে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।


নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।


উল্লেখ্য, এর আগে গত ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদেরও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com