
ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন বলেছেন, ফলের আড়তে কোনো ধরনের কেমিক্যালযুক্ত ফল পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেবে না বলেও তিনি সতর্ক করেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর আম বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ক্ষতিকর কেমিক্যালমুক্ত ফল সংগ্রহ, সরবরাহ ও বাজারজাতকরণ বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “জেলার মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমার অন্যতম প্রধান দায়িত্ব। ফলে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার বা ভেজাল কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
তিনি ফল চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে দেশের চিংড়ি শিল্প আন্তর্জাতিক বাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে ফলের বাজারও যেন ধ্বংসের মুখে না পড়ে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপদ ও মানসম্মত ফল বাজারজাতকরণের মাধ্যমে ভোক্তাদের আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি ফল সংরক্ষণের সুবিধা বাড়াতে কোটচাঁদপুরে দ্রুত একটি কোল্ড স্টোরেজ স্থাপনের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল্লাহ উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সাংবাদিক এসএম রায়হান উদ্দীন, পৌর আম বাজার সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এবং কৃষক প্রতিনিধি হারুন অর রশীদ মুসা প্রমুখ।
সভায় সাংবাদিক, ফল চাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরা নিরাপদ ও কেমিক্যালমুক্ত ফল উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে মতবিনিময় করেন এবং জনস্বার্থে এ বিষয়ে আরও সচেতন হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]