দৌলতপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসী পাহারায়
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১:১৭
দৌলতপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসী পাহারায়
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে বিএসএফের পুশইন বা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে রাতভর পাহারা দিচ্ছেন সীমান্ত সংলগ্ন গ্রামবাসী।


জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুরে ৪৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ভারত অংশে ১৮ কিলোমিটার কাটাতারের বেড়া রয়েছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে বিএসএফ পুশইন করতে পারে এমন ধারণা বা শঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিজিবির বিভিন্ন বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনসাধারণ বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি ও টহল কার্যক্রমে সহযোগিতা করছেন বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।


বিজিবি সূত্র জানায়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও কার্যকর করা হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি যেভাবে দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করছে, তাতে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের কোনো সুযোগ নেই। সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিংসহ সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।


বিজিবির সঙ্গে সীমান্ত সংলগ্ন গ্রামবাসীর টহল কার্যক্রমে অংশ নেওয়া প্রসঙ্গে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, পুশইন বা অনুপ্রবেশ ঠোকাতে সীমান্ত এলাকার জনসাধারণ বিজিবির সাথে টহলে সহযোগিতা করছে। সীমান্ত সুরক্ষায় এ কর্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


এ বিষয়ে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সম্ভাব্য পুশইন পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও জনবল বাড়ানো হবে। সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।


তিনি আরো বলেন, বর্তমান সময়ে সীমান্তে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তারা পালাক্রমে বিজিবির সঙ্গে টহল কার্যক্রমে সহযোগিতা করছেন। এ জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com