খানজাহান আলী দীঘির কুমির সরিয়ে নেওয়া হয়েছে
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৯:০০
খানজাহান আলী দীঘির কুমির সরিয়ে নেওয়া হয়েছে
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার শরীফের দীঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে।


বুধবার (৩ জুন) দুপুরে মাজার শরীফের দীঘি থেকে একটি বিশেষজ্ঞ দল কুমিরটি ধরার পর গাড়িতে করে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।


জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে কিছুদিন কুমিরটিকে নিবিড় পর্যবেক্ষণের পর কুমিরটির নতুন ঠিকানা সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে পাঠানো হবে। মাজার শরিফে আগত দেশি-বিদেশি দর্শনার্থী পর্যটক, ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার রাত ১০টায় বাগেরহাটের জেলা প্রশাসন এক জরুরি সভার সিদ্ধান্ত বুধবার দুপুরেই কার্যকর করেছে বন বিভাগ।


এর আগে, রবিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে হজরত খানজাহান আলী (রহ.) মাজার শরীফের দীঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে ৭ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারকে টেনে নিয়ে যায় দীঘিতে থাকা একমাত্র কুমিরটি। প্রতিবন্ধী ভবঘুরে মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে মাজার শরিফে থাকা ফাতেমার মরদেহ সোমবার সকালে ভাসমান অবস্থায় উদ্ধার করে মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা।


গত ১০ এপ্রিল একই দীঘির প্রধান ঘাটে কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যায়। এসব ঘটনায় কুমিটিকে নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সর্বশেষ শিশু ফাতেমার মৃত্যুর পর জনদাবির মুখে মাজার শরীফের দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে বুধবার সকাল থেকে খানজাহান আলী (রহ.) মাজার শরীফের দিঘিতে থাকা কুমিরটিকে ধরতে. অভিযান চালায় বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি বিশেষজ্ঞ দল। দুপুর ১২টায় দেশব্যাপী আলোচিত মানুষখেকো এই কুমিরটিকে দিঘির পূর্ব পাড় থেকে ধরে বন বিভাগের প্রশিক্ষিত কর্মীরা।


বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, মাজার শরীফ দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেয়ার কাজ বুধবার সকাল থেকে শুরু করা হয়। পরে দুপুর ১২টার দিকে কুমিরটিকে মাজার শরীফের দিঘির পূর্ব পাড় থেকে ধরা সম্ভব হয়।


তিনি জানান, কুমিরটিকে ধরার পরপরই গাড়িতে করে খুলনায় নিয়ে যাওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণের পর কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে পাঠানো হবে।


বিবার্তা/রাজীব/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com