
নড়াইলের সদর উপজেলায় বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে স্বচ্ছতা নিশ্চিতে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উন্মুক্ত লটারির মাধ্যমে ৮১২ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে লটারির আয়োজন করা হয়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিনকবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ, সদর উপজেলা গোডাউনের কর্মকর্তা আহসান কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, নড়াইল-২ আসনের সংসদ সদস্য’র প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের নিয়ে এই লটারি সম্পন্ন হয়।
নড়াইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ জানান, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪ শত ৩০মেট্রিক টন।
সরকারিভাবে ধান বিক্রির জন্য উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টিপৌরসভার মোট ১১ হাজার ৭৫২ জন কৃষক আবেদন করেছিলেন। লটারির মাধ্যমে নির্বাচিত ৮১২ জন কৃষকের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।
প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত
কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। এছাড়া তালিকাভুক্ত ১৯ জন মিল মালিকের কাছ থেকে ২ হাজার ৫১২ মেট্রিক টন সেদ্ধ চাল কেনা হবে।
প্রতিকেজি সেদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা।প্রতিকেজি ৪৮ টাকা দরে ২শত কেজি আতপ চাল কেনা হবে। সংগ্রহ অভিযান চলবে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত।
নড়াইল সদর উপজেলা গোডাউনের কর্মকর্তা আহসান কবীর বলেন, লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় কোনো ধরনের স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপের সুযোগ নেই। স্বচ্ছপ্রক্রিয়ার মাধ্যমে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে। প্রকৃত কৃষকরা ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত ধান ও মিল মালিকরা চাল সরকারি গোডাউনে এসে সরাসরি বিক্রি করতে পারবেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]