
যশোরের শিল্প ও বন্দরনগরী নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল ।
বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে এই হরতালের কর্মসূচি শুরু হয়েছে।
নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এই হরতাল আহ্বান করা হয়।
সকাল থেকে হরতালের সমর্থকরা ব্যবসাপ্রতিষ্ঠান ও নওয়াপাড়া নদীবন্ধরের জাহাজ ও গোডাউন থেকে লোড-আনলোডের কাজ বন্ধ রেখে যশোর-খুলনা মহাসড়কে অবস্থান করছেন।
মহাসড়কে টায়ার জ্বলিয়ে, বাঁশ ও ইট ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে গত ৬ মে সন্ধ্যায় বাসা ভাড়া কেন্দ্রিক বিরোধে ব্যবসায়ী আনিছুর রহমানকে তার ছয়তলা মার্কেট আকিজ ট্রেড ভ্যালির সামনে কুপিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর মার্কেটের একটি দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যে ফুটেজে দেখা যায়, আনিছুর রহমান বসে থাকা অবস্থায় শাহ মাহমুদ নামে এক যুবক তাকে গালিগালাজ করছেন।
এরপর সেই যুবক কোমর থেকে চাইনিজ কুড়াল বের করে প্রকাশ্যে আনিছুর রহমানের মাখের বাম পাশে কোপ দিয়ে চলে যান।
গুরুতর আহত অবস্থায় আনিছুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ মে রাত ৩টার দিকে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে উপজেলার গুয়াখোলা গ্রামের শাহ জোনায়েদের ছেলে শাহ মাহমুদ ও তার সহযোগী একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক ছিলেন।
অভয়নগর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘আনিছুর রহমান হত্যার ঘটনায় মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। প্রধান আসাসিসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]