
সুন্দরবনের বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা’র লে. ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়।
আটককৃত ডাকাত মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইলের নড়াগাতী এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]