
ঝিনাইদহে ভুয়া পুলিশ সেজে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের পোশাক ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (২ মে) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ প্রধান ডিবির ওসি ছাব্বিরুল আলম ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শৈলকুপা থানার চণ্ডিপুর গ্রামের গোলাপ মোল্যার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শৈলকূপা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের আমিন বিশ্বাসের ছেলে রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের ডাবলু মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্যা (৩২), দুধসর গ্রামের মৃত: আল্লেক জোয়ার্দ্দারের ছেলে আশিক জোয়ার্দ্দার (২৪), কুলচারা গ্রামের বাবু মণ্ডলের মেয়ে তাসলিমা খাতুন (২১) এবং সোন্দা গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০)।
ডিবির ওসি ছাব্বিরুল আলম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক এবং ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। একই সঙ্গে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে ‘POLICE’ লেখা জ্যাকেট, এসআই র্যাংক ব্যাজ, পুলিশ মনোগ্রামযুক্ত পোশাক, ক্যাপ, বেল্ট, ২টি ওয়াকিটকি সেট ও চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম ও ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]