শ্রীমঙ্গলে এমপি মুজিবুর রহমানের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৪
শ্রীমঙ্গলে এমপি মুজিবুর রহমানের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক  সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণকে যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বাহিনীর সমন্বয়ে বিশেষ সভা করেছেন।


শনিবার (২৫ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।


সভায় উপস্থিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, “আমি আপনাদের অভিভাবক বা শাসক হিসেবে নয়, একজন ভাই হিসেবে অনুরোধ করছি আমার এলাকা থেকে মাদক নির্মূল করুন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখুন।”


তিনি আরও বলেন, শ্রীমঙ্গল উপজেলাটি দেশের অন্যান্য অনেক এলাকার তুলনায় ব্যতিক্রম, কারণ এখানে রয়েছে সীমান্ত এলাকা, অসংখ্য পর্যটন স্পট, চা-বাগান, বনাঞ্চল, হাওর ও পাহাড়ি ছড়া। প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমনের কারণে এখানকার আইনশৃঙ্খলা রক্ষা একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয়।


এমপি বলেন, “আমার এলাকার মানুষ যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, তাদের দৈনন্দিন জীবন নির্বিঘ্ন থাকে এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এটিকে আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করি।”


তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমি আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।”


সভায় তিনি মাদক নির্মূল, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মোটরসাইকেল ও গরু চুরি প্রতিরোধ, ছিনতাই দমন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণ, বনাঞ্চলে গাছ চুরি বন্ধ এবং সরকারি অফিসসমূহকে জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


এছাড়া তিনি র‌্যাব, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ট্রাফিক বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদার করার আহ্বান জানান।


এসময় বিশেষ এ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে দায়িত্বরত র‌্যাব কমান্ডার, থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দলীয় নেতা এবং গণমাধ্যমকর্মীরা।


বিবার্তা/রিয়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com