
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি থেকে চুইয়ে পড়া প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিকটস্থ মনতলা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবির একটি দল। তারা সেখানে গিয়ে তেল লুটপাট প্রতিরোধ করে। পরে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সেখানে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
তেল উদ্ধারের বিষয়ে বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান গণমাধ্যমকে জানান, বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারিকেন সংগ্রহ করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এ উদ্যোগের ফলে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাও সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে তেলসহ দুটি বগি ইতিমধ্যে সোজা করা হয়েছে। আরও দুটি বগি উদ্ধারের কাজ চলছে। তবে একটি বগি পানিতে পড়ে যাওয়ায় সেটি উদ্ধারে কিছুটা বেশি সময় লাগতে পারে। একই সঙ্গে দুর্ঘটনায় রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে এই দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]