
নেশার টাকা জোগাড় করতে নিজের সন্তানকেই অপহরণ করে মুক্তিপণ দাবি করে আজিজুল নামে এক ব্যক্তি। অবশেষে জেলা পুলিশের দৃড়তায় ওই শিশুকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় শিশুটির বাবাসহ দুজনকে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ভিকটিম সিয়ামের বাবা তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়।
এ খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি পুলিশের টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার পাকা গ্রামের দাসপাড়া থেকে ভিকটিমের পিতা মো. আজিজুল (২৮) এবং তার সহযোগী মো. আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানকালে ভিকটিমের জীবন রক্ষার্থে বিকাশের মাধ্যমে দেওয়া ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শিশুটির মা বর্তমানে ভারতে প্রবাসে রয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে জিম্মি করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে এ নৃশংস ঘটনা ঘটানো হয়।
এ ঘটনায় শিশুটির পিতা ও তার সহযোগীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]