
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬ নম্বর হাউলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বুধবার (৪ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাউলী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শাহ্ তাজ আলম, হুমাউন কবির ডাবলু ও রজব আলী সুমনসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, সীমানা সংক্রান্ত জটিলতা ও একের পর এক রিট আবেদনের কারণে প্রায় এক যুগ ধরে হাউলী ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এ ইউনিয়ন পরিষদে কোনো মামলা না থাকলেও সম্প্রতি চারজন ইউপি সদস্য নতুন করে হাইকোর্টে রিট দায়ের করে প্রশাসক নিয়োগ ও নির্বাচন কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন।
তারা বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় উপজেলা প্রশাসন প্রশাসক নিয়োগের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নতুন করে রিট করায় প্রশাসক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায় এবং নির্বাচন কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে।
তারা আরও বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ইউনিয়নবাসীর জানান, দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ জটিলতার অবসান চেয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]