
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে নিজ পরিবারের বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মশাউড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবারের লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ইমরান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ারসার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরসহ ভেতরের আসবাবপত্র আগুনে পুড়ে ভুষ্মিভূত হয়।
ঘটনার সময় বাড়ির মালিক রবিউল ইসলাম বাইরে ছিলেন। তিনি জানান, সকালে বাজারে যাওয়ার পর প্রতিবেশীদের মাধ্যমে আগুন লাগার খবর পান। বাড়িতে ফিরে দেখেন, বসবাসের একমাত্র ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে আগুন লাগানোর বিষয়ে কিছু বলতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।
ভেড়ামারা ফায়ার সার্ভিস-এর স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়াগেলেও পরে জানা যায়, পরিবারের এক সদস্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুনের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পরিবারের এক মাদকাসক্ত ছেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আইনি হেফাজতে দেওযার দাবিএলাকাবাসীর।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]