
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের বেশির ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ৮০৫ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ আর অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫৭৪। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯২টি। আর সাধারণ কেন্দ্র ২৩১টি। তবে এসব কেন্দ্র ছাড়াও সব কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপার। এদিকে, জেলার সবক’টি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।
ব্রাহ্মণবড়িয়া-১ (নাসিরনগর) আসনের ৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪টি ঝুঁকিপূর্ণ এবং ১০টি অধিক ঝুঁকিপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ- বিজয়নগর উপজেলার ২ ইউনিয়ন) আসনের কেন্দ্র সংখ্যা ১৫১টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৭টি, অধিক ঝুঁকিপূর্ণ ১৫টি। ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা) আসনের ১৯২ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১১১টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৭টি। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া উপজেলা) ১৩০ কেন্দ্রের মধ্যে ঝুঁঁকিপূর্ণ কেন্দ্র ৮৫টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৪টি। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মোট ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৯৯টি ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৫টি। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ভোটকেন্দ্র ৯৮টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৪টি এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১১টি।
পুলিশ সুপার শাহ মো.আবদুর রউফ বলেন, আসলে ঝুঁকি বলতে কোনো কিছু নেই। বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে ঝুঁকি হয়। সেটি কমিউনিকেশনের কারণেও হতে পারে। কোথাও পেশিশক্তি প্রদর্শনের সম্ভাবনা থাকতে পারে। এমন বিভিন্ন বিষয় মাথায় রেখে আমরা ক্যাটাগরি করেছি। সেসব কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করছি। এসব কেন্দ্র ঘিরে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ আনসার এই ৫টি বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পেট্রোলিং করবে। কেন্দ্রে থাকবে পুলিশ এবং আনসার সদস্য। তাছাড়া ৮০৫টি কেন্দ্রেই সিসি ক্যামেরা থাকবে। প্রতি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম থাকবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান বলেন, কেন্দ্রের নিরাপত্তার জন্য ২ জন পুলিশ এবং ৮ -১০ জন আনসার সদস্য থাকবে। এর বাইরে পুলিশের স্ট্রাইকিং ও মোবাইল টিম ছাড়াও থাকবে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। জালের মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন সবাই। আর সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এদিকে জেলার ৮০৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে প্রায় ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য।
বুধবার শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে তাদের প্রস্তুতিমূলক সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ। আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান, ১৫ বিএন’র উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]