
লক্ষ্মীপুরে একটি প্রিন্টার্সের দোকান থেকে অবৈধভাবে প্রস্তুতকৃত ১৬ ঘর বিশিষ্ট ভোটের ৬ টি সীলসহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনাসহ বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন ছেঁড়া ও জামায়াতে ইসলামির জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলনে করেছে বিএনপি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, সোহেল রানা নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জামায়াত কর্মী বলে জানতে পেরেছি। হয়তোবা তার পদ পদবীও রয়েছে। একটি কম্পিউটারসহ ৬টা সীল জব্দ করা হয়েছে। এই ৬ টা সীল কে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চই এর পেছনে অনেক কলকব্জা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব নিকাশ রয়েছে। এর বাহিরে যে আরও অনেক জায়গায় সীল বানানো হয়নি সেটা প্রশাসনকে অবশ্যই সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এ ধরণের জালিয়াতি হচ্ছে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সিলের পাশাপাশি নিশ্চই ব্যালট বানানেরও ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, সোহেলের সীল বানানোর পেছনে কার ইন্ধন, কোন প্রার্থীর -কোন নেতার ইন্ধন কিভাবে এই সিলগুলো বানানো হল এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট এবং জালিয়াতি করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সরকারকে নির্বাচন কমিশনকে এ উদ্যোগ গ্রহণ করতে হবে।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]