‘আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতায় যেতে চায় জামায়াত’
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩
‘আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতায় যেতে চায় জামায়াত’
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতার লোভে পড়ে জামায়াত আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছে।


রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শিশু পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


চরমোনাই পীর বলেন, তাদের মুখে এক কথা, কাজে আরেকটা। ক্ষমতার মোহে পড়ে তারা বিদেশি শক্তির সঙ্গে গোপনে বৈঠক করছে। জনগণ এখন সব বুঝে গেছে।


তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে জনগণের চাওয়া-পাওয়া ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। তাহলে আবার ক্ষমতায় এসে কীভাবে উন্নয়ন ও শান্তি নিশ্চিত করবে? দেশের মানুষ আর বোকা নয়, ধোঁকা খাবে না।


গত ৫৪ বছর দেশ নীতি ও আদর্শ অনুযায়ী পরিচালিত হয়নি উল্লেখ করে রেজাউল করিম বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আমরা দেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম। ইসলাম শক্তিশালী হবে, মানবতা রক্ষা পাবে—এই স্বপ্ন নিয়েই ইসলামের পক্ষে একটি সমঝোতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।
তিনি দাবি করেন, নেতৃত্ব ও নীতিগত অবস্থান নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতার পথে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, একশ্রেণির ক্ষমতালোভী ইসলামের বাক্স বাদ দিয়ে প্রচলিত আইনে দেশ চালাতে চায়। ৫৪ বছর এই নিয়মে দেশ চলেছে—কোথায় ইনসাফভিত্তিক রাষ্ট্র? এই নিয়মে আবার ইনসাফ কায়েমের কথা বলা সম্পূর্ণ ধোঁকা।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে হাতপাখায় ভোট দেন, পরিবর্তন সম্ভব। এখন আর চুপ থাকার সময় নেই।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com