
কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, দুজনই পুরুষ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহন–এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের ওপর আছড়ে পড়ে। পরে সেটি বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সরকারি হাসপাতালে অন্তত সাতজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]