
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গোলাগুলিতে আবারও এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে অভিযান চালিয়ে এ দু'জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— এজাহারভুক্ত ৪ নম্বর আসামি উপজেলার চিত্রি গ্রামের আইয়ুব মিয়া (৩৭) ও সন্দেহভাজন দরি লাপাং গ্রামের আউলাদ হোসেন (২৬)।
গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গোলাগুলির ঘটনায় রাব্বি (২১) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার পর, তার মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খুরশীদ আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাত করার জের ধরে দুইপক্ষের মধ্যে বিষয়টির মীমাংসার লক্ষে গত শুক্রবার বিকেলে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে সালিসে বসা হয়। কিন্তু বিচার শেষ হওয়ার আগেই কথা কাটাকাটিকে কেন্দ্র করে সন্ধ্যায় বিবদমান দু'পক্ষের উচ্ছৃঙ্খল ছেলেদের মধ্যে আদালত সড়কে কালীবাড়ির সামনে সংঘর্ষ হয়। এসময় প্রকাশ্যে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হলে, রাব্বি (২১) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার পর থানায় মামলা হয়। পুলিশ ঘটনার রাতেই সালিসের সর্দারসহ ৫ জনকে গ্রেফতার করে এবং মঙ্গলবার আরো ২ জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে গ্রেফতার হওয়া আইয়ুবই পিস্তল দিয়ে গুলি করে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]