
ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী রবিবার (৪ অক্টোবর) ভোর ছয়টায় বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদিও মনুমেন্তালে। বলিভিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশের কাছাকাছি দল নিয়েই মাঠে নামতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে কয়েকটি পজিশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। খবর টিওয়াইসি স্পোর্টসের।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সম্ভাব্য একাদশ নিয়ে কোনো আভাস দেননি স্কালোনি। তবে নতুন খেলোয়াড়দের পরখ করতে রক্ষণ ও মাঝমাঠে কিছু পরিবর্তন আনতে পারেন তিনি।
লেফট-ব্যাক পজিশনে পরিবর্তন আসতে পারে। বলিভিয়ার বিপক্ষে এই পজিশনে খেলেছিলেন রোমান ভেগা। এবার জায়গাটির জন্য তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ফাকুন্দো মেদিনা। সাম্প্রতিক ম্যাচে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ভেগা নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করবেন। অন্যদিকে মেদিনাও একাদশে জায়গা করে নেয়ার সুযোগ পাচ্ছেন।
মাঝমাঠের দুটি পজিশন নিয়েও স্কালোনি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। এর মধ্যে একটি হলো বাঁ প্রান্তের উইঙ্গার পজিশন।
বলিভিয়ার বিপক্ষে এই জায়গায় খেলেছিলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। তবে ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত তার জায়গা নিয়ে সংশয় ছিল। মাতিয়াস সুলে ও ভ্যালেন্তিন বারকোও এই পজিশনে খেলার সম্ভাবনায় রয়েছেন। ফলে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রেস্তিয়ান্নির পরিবর্তে সুলেকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাঝমাঠের আরেকটি জায়গায় ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে নিকোলাস পাজের পরিবর্তে খেলানোর কথা বিবেচনা করছেন স্কালোনি। তবে বলিভিয়ার বিপক্ষে পাজের ভালো পারফরম্যান্স তাকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্তকে কঠিন করে তুলেছে।
আক্রমণভাগে অবশ্য বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজই আর্জেন্টিনার আক্রমণভাগের জুটি হিসেবে খেলতে পারেন।
বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণভাগ: আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, রোমান ভেগা/ফাকুন্দো মেদিনা
মাঝমাঠ: নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি/মাতিয়াস সুলে
আক্রমণভাগ: জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ
কোচ: লিওনেল স্কালোনি
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]