
লিওনেল মেসির ইন্টার মায়ামি ক্যারিয়ারের বয়স ৩ হতে চলল। এই স্বল্প সময়েই মায়ামিতে অনন্য স্থান করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার আগমনের পরেই লিগস কাপ জিতে ট্রফিহীন ক্লাবের তকমা কাটিয়েছে মায়ামি। এরপর জিতেছে আরও কয়েকটি শিরোপা।
ফ্লোরিডার এই ক্লাবটি হোমভেন্যু হিসেবে এতদিন ব্যবহার করে এসেছে চেজ স্টেডিয়ামকে। আগামী ৪ এপ্রিল নু স্টেডিয়াম নামে নতুন মাঠের উদ্বোধন করছে তারা। ২৬ হাজার ৭০০ সিটের এই স্টেডিয়ামে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে মায়ামির।
এই নু স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম মেসির নামে নামকরণ করেছে মায়ামি। স্টেডিয়ামের নিম্নভাগের ১১৭-১২১ এবং উচ্চভাগের ২১৭-২২৩ সেকশন জুড়ে এই স্ট্যান্ডের বিস্তৃতি। এক বিবৃতি দিয়ে মায়ামি এই তথ্য জানিয়েছে। মায়ামি লিখেছে, ‘আমরা আপনাদের সামনে নু স্টেডিয়ামে লিও মেসি স্ট্যান্ড উপস্থাপন করছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইন্টার মায়ামি সিএফ আনন্দের সঙ্গে ‘লিও মেসি স্ট্যান্ড’ এর ঘোষণা দিচ্ছে। আমাদের নম্বর ১০ ও অধিনায়ক এখন বৈশ্বিক ক্রীড়া জগতে এক বিরল ও অনন্য উদাহরণের অংশ হতে যাচ্ছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি নিয়মিত নিজের হোম স্টেডিয়ামে খেলছেন এবং সেই স্টেডিয়ামেই তার নামে একটি স্ট্যান্ড করা হয়েছে।’
‘সাধারণত এমন সম্মাননা অতীতকে ঘিরেই গড়ে ওঠে। নস্টালজিয়া ও স্মৃতি থেকে। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমান থেকে জন্ম নিয়েছে।... কাউকে সম্মান জানানো সব সময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়। কখনও কখনও এটি উপলব্ধি করা যে আপনি এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]