
দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে গিয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল ২৫শে মার্চ এই দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২৩ জনের লাশ পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটাররা জানিয়েছেন শোক আক্ষেপ।
মহাতারকা সাকিব আল হাসান লিখেছেন, "গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক, এই প্রার্থনা রইল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।"
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, "সকালে যারা ঘর থেকে বের হয়েছিল, কেউই ভাবেনি এটাই শেষ যাত্রা…পদ্মার এই দুর্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।"
জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসান লিখেছেন, "একটা ছোট ভুল, আর তার মাশুল এত বড়… দৌলতদিয়ার নদীতে ডুবে গেল কত স্বপ্ন! কারো বাবা, কারো ভাই, কারো সন্তানের জীবন থেমে গেল। এই শোক ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ তাদের মাফ করে দিন এবং পরিবারকে ধৈর্য দান করুন।"
জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, "হে আল্লাহ সকলকে হেফাজত করুন। সকলের প্রতি তোমার অনুগ্রহ বজায় রেখো।"
সাবেক পেসার রুবেল হোসেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "কেন এত দুর্ঘটনা আমাদের দেশে? ঈদ এলে আমাদের দেশে কেন জানি মিশে যায় শোকের ছায়া…এটা কি আমাদের ভুল, নাকি নিয়তির পরীক্ষা, নাকি আমাদেরই অসচেতনতা?"
ক্রিকেটাররা শোক প্রকাশ করলেও এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে কোনো অফিসিয়াল শোকবার্তা প্রকাশ করা হয়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]